২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ এবং তীব্র শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানিয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে সর্ব সাধারণের জন্য প্রদর্শনী এবং উদযাপনের সময়, আতশবাজি বা লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে নির্দেশনা এবং রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ নিয়ন্ত্রণ ও আতশবাজির ব্যবহার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এ রিট করেন।
আইনজীবী শফিকুল আরও বলেন, পত্রিকার খবর অনুসারে বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। এছাড়া, রাতে উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করা হচ্ছে। এতে শিশু ও বৃদ্ধসহ জনসাধারণের ঘুমে ব্যাঘাত ঘটে। তাই এ রিট করা হয়েছে। ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক প্রতিবেদন যুক্ত করা হয় রিটে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে দুনিয়াজুড়ে বইছে উন্মাদনার ঝড়। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও এখানে উত্তেজনার কমতি নেই। জনপ্রিয় দলগুলোর সমর্থকরা বাগযুদ্ধেই মাঠ গরম করে রাখছেন। এই বিরোধিতা মাঝেমধ্যে প্রাণঘাতী সংঘাতেও রূপ নিচ্ছে।








