রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। হামলায় সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা এক পক্ষ এবং অন্য পক্ষে রয়েছেন একই এলাকার রিপন ও পারভেজ।

পুলিশ আরও জানায়, দুই পক্ষই মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রতিপক্ষ। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে চাইলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।