আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ।
সিসকোর মর্যাদাপূর্ণ ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে ইএসএল। সম্প্রতি ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’-এ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়। গত (৬ জুলাই) সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ স্বীকৃতি উদযাপনের আয়োজন করে ইএসএল। সেখানেই নিজেদের প্রতিষ্ঠানের এসব কর্মকান্ড তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান।
বর্তমানে ইএসএলে কাজ করছেন আড়াই শতাধিক সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ। ইতোমধ্যে এক হাজারের বেশি কৌশলগত ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি এবং পাঁচ শতাধিক গ্রাহককে সেবা দিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক খাত, টেলিযোগাযোগ, উৎপাদনশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।
দেশের ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান প্রদান এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে ইএসএল। ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর গত দেড় দশকে ইএসএল বাংলাদেশে সিসকোর অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্নত নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউডভিত্তিক সমাধান বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
ওই অনুষ্ঠানে ইএসএলের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, দেশে প্রযুক্তিতে দক্ষ জনবলের তীব্র সংকট রয়েছে। ইএসএল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক দক্ষ কর্মী বর্তমানে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশেষ করে প্রিসেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ জনবলের ঘাটতি দিন দিন বাড়ছে। তাই স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সিসকোর আরও বিনিয়োগ ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আব্দুল ফাত্তাহ আরও বলেন, ইএসএল করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে। সেখানে প্রতি ব্যাচে ২৪ জন করে শিক্ষার্থীকে আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগানকে সামনে রেখে সিসকো বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ইএসএল সিসকো প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। অংশীদারদের দক্ষতা ও আস্থার কারণেই বাংলাদেশে সিসকোর প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইএসএল সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতি অর্জন করেছে। এটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা, সেবার মান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি সমাধান দেওয়ার সক্ষমতার স্বীকৃতি।
এ সময় উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলম বীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের পার্টনার সেলস–চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিম এবং চ্যানেল পার্টনার টেকনিক্যালের রিজিওনাল ম্যানেজার মুরালি মোহন এবং চ্যানেল ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ম্যানেজার নাভনীত রাধাকৃষ্ণান প্রমুখ।
আরএমডি








