সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিনে রাকিব প্রামাণিক নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর কয়েকটি পোস্ট নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
মৃত রাকিব প্রামাণিক (২২) উপজেলার সোহরাব প্রামাণিকের ছেলে।
রাকিব তাঁর ফেসবুক পোস্টে লিখেন, এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণীর বিয়ের ব্যবস্থা করে তাঁর পরিবার। তরুণীকে না পেলে বাঁচবেন না বলেও পোস্টে উল্লেখ করেন রাকিব। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য তরুণীর মা-বাবাকে দায়ী করে তাঁদের পরিচয় তুলে ধরেন।
আরেক পোস্টে নিজের মা-বাবার কাছে ক্ষমা চেয়ে রাকিব লিখেন, কোনো কিছু না জানিয়েই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁকে ক্ষমা করতে সবাইকে অনুরোধ জানান।
নাসির উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাকিবের। এর মধ্যে তিনি বিদেশে গিয়ে প্রত্যাশিত কাজ না পেয়ে ফিরে আসেন। সম্প্রতি তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে জেনে তিনি তরুণীর পরিবারকে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু আজ তরুণীর বিয়ের আয়োজন করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রাকিব আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।








