জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুলিশকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে। রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। যাদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জানা গেছে, তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশও করেছে।

১২ জুন নগরীর লালখান বাজার মোড়ে সিএনজিচালিত অটোরিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাকে মারধর করা হয়। এরপর তোলপাড় শুরু হয় সারা দেশে। পরদিন নগরীর বহদ্দারহাট এলাকায় নাঈমের বাসায় গিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার। এ ঘটনার পর খুলশী থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া খুলশী থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে সিএমপির ডিসি (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। ১৮ জুন কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন। সময় শেষ হওয়ার পর কমিটি রোববার প্রতিবেদন জমা দিল।