নলছিটিতে পুলিশের উপস্থিতিতে হানিফ খান নামের কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার বিন্দুঘোষ গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হানিফ খান অভিযোগ করেন, প্রতিবেশী জালাল খান ও কবির খানের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। এ ঘটনায় দুই পক্ষই থানায় এবং আদালতে মামলা করেন। শুক্রবার রাতে নলছিটি থানার এসআই করুনের নেতৃত্বে একদল পুলিশ কবির খানকে সঙ্গে নিয়ে আসামি ধরার জন্য হানিফ খানের বাড়িতে যায়। বাড়িতে কোন পুরুষ না থাকায় হানিফ খানের স্ত্রী ও মেয়ে দরজা খুলতে দেরি করায় পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষ কবির খান, জালাল খানের স্ত্রী রেনু বেগম, জামাতা শাওন সিকদার, মেয়ে ছালমা ভাড়াটে লোকজন নিয়ে বসতঘরে হামলা চালায়। প্রতিপক্ষ কবির খান জানান, পুলিশ আসামি ধরতে হানিফ খানের বাড়িতে গিয়েছিল, সেখানে আমাদের কোন লোকজন যায়নি। আমরা কাউকে মারধর করিনি। এসআই করুন বলেন, পুলিশ আসামি ধরতে গিয়ে কাউকে না পেয়ে চলে আসে। পরে শুনতে পেয়েছি, তারা নিজেরাই ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছে। ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, দরজা খোলা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে উচ্চবাচ্য হয়েছে। আসামি না পেয়ে পুলিশ চলে আসে। পুলিশকে চাপে ফেলতে অপপ্রচার করা হচ্ছে।








