রাজধানীর পূর্বাচলে ১৬০ একর জায়গার ওপর সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এবারের বাজেটে প্রথমবারের মতো ‘ক্রিয়েটিভ ইকোনমি’ নামে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য- সংস্কৃতি, ঐতিহ্য, নকশা, হস্তশিল্প, ফ্যাশন, ডিজিটাল কনটেন্ট, ডিজাইন ও সৃজনশীল শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তিতে পরিণত করা। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ক্রিয়েটিভ অর্থনীতিসংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার যুগান্তরকে বলেন, ক্রিয়েটিভ অর্থনীতি সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। পূর্বাচলে একটি কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব গড়ে তোলার বিষয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে আবারও বৈঠক হবে। সেখানে সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন কাঠামো, অর্থায়ন ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।








