পুঠিয়ায় পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম গাফিলতি ও দুর্নীতিরমাধ্যমে কাজ করার অভিযোগ ওঠেছে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা স্থানীয় দালালদের মাধ্যমে সব প্রকার জমিসংক্রন্ত কাজগুলো করে থাকেন। দালাল বাদে অন্য কোনো ব্যক্তি জমির কাজ করতে গেলে কর্মকর্তা মাসের পর মাস বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করেন বলে একাধিক নজির রয়েছে। অফিস চলাকালীন কর্মকর্তার উপস্থিতিতে আফান এবং দলিল লেখক তাহের আলি নামের দালালকে অফিসের সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ঘাঁটাঘাঁটি করতে দেখা গেছে। স্থানীয় সারোয়ার হোসেন জিম ও আব্দুল মালেক নামের ভুক্তভোগীরা বলেন, এই ভূমি অফিসে টাকা ছাড়া কোনো সেবামূলক কাজ করা হয় না। হোল্ডিং খোলা, জমিসংক্রন্ত তথ্য সংগ্রহ, নামজারিসহ বিভিন্ন সরকারি নির্ধারিত ফির বাইরে দালালদেরমাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করার ভিডিও যুগান্তরের কাছে রয়েছে। অপর ভুক্তভোগী কালাম হোসেন বলেন, জমি কেনার আগে জমির সব তথ্য সংগ্রহ করার জন্য অফিসে গেলে, অফিস সহায়ক রহিমা খাতুন ও রতন কুমার রাম তার কাছে ১ হাজার টাকা উপঢৌকন দাবি করেন। টাকা না দিলে নির্ধারিত সময়ে কাজ হবে না বলে জানান। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুফি এবরার আহমেদ বকসী দালাল জাকির হোসেনের মাধ্যমে নামজারি করার জন্য ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে থাকেন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুফি এবরার আহমেদ বকসী টাকার বিনিময়ে জমির কাজ করার বিষয়ে স্বীকার করে বলেন, আমার অফিসে দুজন সহায়ক রয়েছে। তাদের ঘুস নেওয়ার ব্যাপারে সাবধান করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, অফিসের ভিতরে বাইরের লোকের প্রয়োজনীয় কাগজপত্র দেখার কোনো সুযোগ নেই।








