২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ে ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার একদিন আগে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। এবার তিনি ফরাসি সাবেক ফুটবলার ক্রিস্তফ দুগারির মন্তব্যের জবাব দিতে গিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন।

চিলাভার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘১৯৯৮ বিশ্বকাপে আমরা ফ্রান্সের মুখোমুখি হয়েছিলাম। আর এখন প্যারাগুয়ে খেলবে আফ্রিকার একটি দলের বিপক্ষে।’

ফরাসি দলে বিভিন্ন জাতিগত পটভূমির খেলোয়াড় থাকার বিষয়টি ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেন। বিতর্কের সূত্রপাত হয় ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড ক্রিস্তফ দুগারির এক সাক্ষাৎকার থেকে।

তিনি রেডিও মন্টে কার্লোকে বলেন, ‘প্যারাগুয়েকে বিধ্বস্ত করা হবে, অপমান করা হবে। তারা শুধু রক্ষণাত্মক খেলতে চাইবে, কারণ তারা পারে না—সত্যিই পারে না। পরিষ্কার করে বলার জন্য আমি কথাটা দুবার বলছি। আক্রমণভাগে তারা ভয়াবহ দুর্বল।’

দুগারির এই মন্তব্যের জবাব দিতে গিয়ে চিলাভার্ট ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচের কথা স্মরণ করেন, যেখানে ফ্রান্স অতিরিক্ত সময়ে লরাঁ ব্লাঁর ‘গোল্ডেন গোল’-এ ১-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছিল।

নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ২৩তম মিনিটে ব্লাঁর গোলেই জয় পায় স্বাগতিকরা। সেই ফ্রান্স দলই পরে বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

চিলাভার্টের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে তার জড়িয়ে পড়া একাধিক বিতর্কের সর্বশেষ সংযোজন। গত কয়েক দিনে তিনি প্যারাগুয়ে জাতীয় দলের কোচ গুস্তাভো আলফারোর সঙ্গে প্রকাশ্যে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছিলেন। এছাড়া জাতীয় দলের গোলরক্ষক অরলান্ডো গিলকেও সমালোচনা করেন। বিষয়টি এতটাই আলোড়ন তোলে যে, গিলের স্ত্রী প্রকাশ্যে তার স্বামীর পক্ষে অবস্থান নেন।

প্যারাগুয়ে ও ফ্রান্সের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা।

আরআর/এসকেডি/এএসএম