রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শাখা ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রশিবির। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ পালিত হয়। ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘হল প্রভোস্ট ও ছাত্রদলের যৌথ প্রযোজনার সিট দখল রুখে দাও’, ‘দলীয় বিবেচনায় সিট বণ্টন বন্ধ করো’, ‘আদু ভাইয়েরা হল ছাড়বে কবে?’ ইত্যাদি লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচিতে আবাসিক হলের সিট বণ্টন নিয়ে প্রশাসনের কাছে তিনটি দাবি জানায় সংগঠনটি। দাবিগুলো হলো- অনতিবিলম্বে অবৈধভাবে হলে অবস্থানকারীদের সিট বাতিল করা, পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যমান নিয়ম অনুসারে সাধারণ শিক্ষার্থীদের সিট প্রদান করা। হলের সিট বণ্টন নিয়ে একটি স্বচ্ছ ওয়েবসাইট তৈরি করা, যাতে কোন হলে কতজন শিক্ষার্থী রয়েছে এবং ফাঁকা সিটের সংখ্যা শিক্ষার্থীদের জানানো হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ২৪ পরবর্তী সময়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচিত হয়েছিল। কিন্তু ছাত্রদল আবারও হলগুলো দখলের পাঁয়তারা করছে। এটা বন্ধ করতে হবে। অন্যথায় চব্বিশ পরবর্তী সময়ে যে লাঞ্ছনার মাধ্যমে পূর্বের প্রশাসনকে বিতাড়িত করা হয়েছিল তার জন্য আপনারা প্রস্তুত থাকুন।








