ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই নিন্দা জানান।
এনসিপির এই নেতা বলেন, ‘ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা পুরো প্রক্রিয়ার নিন্দা জানাচ্ছি।’
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ।’ হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।








