রাজবাড়ীর সদর ও গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি সাব-মেশিনগান-বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার মহিষাখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা গ্রামের মো. বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মো. মোমিন মোল্লাকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়।
র্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, অবৈধ অস্ত্র ও মাদকের উৎস এবং ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে র্যাবকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম








