রাজধানীর লালবাগে গাড়িচাপায় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালবাগের ঘোড়াপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরনে ছিল ময়লাযুক্ত ছিন্নভিন্ন কাপড়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘোড়াপট্টি এলাকায় কোনো একটি অজ্ঞাত যান ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহালসহ আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই আনিসুর রহমান আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়, তাই তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। যানটি জব্দ করার পাশাপাশি নিহত নারীর পরিচয় উদ্ঘাটনে পুলিশের চেষ্টা চলছে।