রাজধানীর মিরপুরে পানির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে এগারোটায় মিরপুর ১০ নম্বর (সি-ব্লক) ওয়াসার মড্স জোন-১০ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সি-ব্লকে বসবাসকারী লোকজন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তাদের এলাকায় দীর্ঘদিন পানির সংকট বিরাজ করছে। নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। অনেক পরিবারকে দৈনন্দিন কাজে বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে হয়, এতে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি ভোগান্তি পোহাতে হয়। বক্তারা অবিলম্বে পানি সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান, তা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওয়াসার মড্স জোন কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সকালে পানির দাবিতে ২০-২৫ জন লোক মানববন্ধন করেছে। বিষয়টি ওয়াসাকে জানানো হয়েছে।