রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে দক্ষিণখানের কাওলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা জানান, সন্তান গর্ভে থাকা অবস্থায় তাঁর স্বামী অন্যত্র চলে যান। মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং বাসাবাড়িতে কাজ করেন। ঘটনার দিন বেলা ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যান। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে শিশুর পোশাকে রক্তের দাগ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শিশুটির মা অভিযোগ করেন, পাশের বাসার ১০ বছর বয়সী একটি ছেলে প্রায়ই তাঁর মেয়ের সঙ্গে খেলাধুলা করত। তাঁর অভিযোগ, ওই শিশুই তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।