রাজধানীর যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ আব্দুল করিম (৪০) নামের এক ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে স্টমাক ওয়াশ করোনার পর নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আব্দুল করিমের স্ত্রী রুনা আক্তার বলেন, আমরা স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জ থেকে কেনাকাটা করতে বাসে করে ঢাকায় আসছিলেন। বাসে পাশাপাশি সিট না থাকায় আমি সামনের একটি সিটে বসি এবং আমার স্বামী পেছনের একটি সিটে বসেন। সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্র আমার স্বামী অচেতন হয়ে পড়েন। পরে বাসের স্টাফদের সহযোগিতায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে স্টমাক ওয়াশ করোনার পর নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, অজ্ঞানপার্টির সদস্যরা তার স্বামীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তবে তার মোবাইল ফোনটি নিতে পারেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম নামের এক ব্যবসায়ী ঢামেক হাসপাতালে এসেছেন। তাকে পাকস্থলী ওয়াশ করিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/এমএএইচ/








