রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতাল থেকে হাতিরঝিল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তাহমিদুল ইসলাম (১০) নামে ওই শিক্ষার্থীর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজিপুর গ্রামে। বাবার নাম মো. শাহিন রেজা।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, হাতিরঝিল মহানগর প্রজেক্ট-২ নম্বর রোডের আল ফুরকান মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী তাহমিদুল। মাদ্রাসার পঞ্চম তলায় থাকত সে। একই মাদ্রাসার শিক্ষক তার বাবা শাহিন রেজা।
তার বাবার বরাত দিয়ে এসআই জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে পঞ্চম তলায় জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে তাহমিদুল। এরপর তার বাবাই তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, শিশুটির গলায় কালো দাগ রয়েছে। শরীরে কোনো জখমের চিহ্ন নেই। তবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করতে বলা হয়েছে।
প্রতিবেদকের পক্ষ থেকে এ বিষয়ে শিশুটির বাবা মাদ্রাসাটির শিক্ষক শাহিন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিচয় পেয়ে ফোন রেখে দেন।








