রাজধানীর কুড়িল বিশ্বরোডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মাদ রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। তার বাবার নাম মোহাম্মাদ মফিজুল ইসলাম। 

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে কুড়িল রেলগেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। রাকিবের মাথায় ছাতা ছিল। ট্রেন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। রাকিবের পকেটে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। 

রাকিব এবার অনার্স (স্নাতক) পাস করেছেন। নিজ গ্রাম থেকে চাকরির উদ্দেশ্যে তিনি ঢাকায় আসেন। সকালে তিনি চাকরির ইন্টারভিউয়ের জন্য থেকে বের হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে  থানাকে অবগত করা হয়েছে।