চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও মন্ত্রীর আগমন উপলক্ষ্যে ক্যাম্পাসে শোডাউন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা । সকাল ৯টায় প্রতিমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছলে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন তন্ময়সহ কয়েক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তারা প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত একত্রে অগ্রসর হন।
এ ব্যাপারে জানতে চাইলে ওয়াসিফ রাশেদ বলেন, আমাদের কর্মসূচি ছিল। প্রতিমন্ত্রী এলে আমরা চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। পরবর্তীতে এগিয়ে দিই। এছাড়া আমরা তার কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরি।
এছাড়া ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের এমন কর্মসূচি পালনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি সারা বাংলাদেশে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চলমান আছে। সেক্ষেত্রে চুয়েট ছাত্রদলের পক্ষ থেকে এর আগেও আমরা বলেছি ক্যাম্পাসে সুস্থ ও সহযোগিতামূলক রাজনীতি দরকার। এতে সাধারণ ছাত্র এবং ক্যাম্পাসের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যেহেতু মন্ত্রী মহোদয়ের আগমন হয়েছে, তার সঙ্গে দেখা করে আমরা সবার দাবি দাওয়া চুয়েটের স্বার্থেই বলেছি।
এ ব্যাপারে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ক্যাম্পাসে যেহেতু ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই ওরা এমন করে থাকলে আইন ভঙ্গ করেছে। আর আইন ভঙ্গ করলে অবশ্যই সেই অনুযায়ী শাস্তি পাবে।








