রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। এবারও রাজনৈতিক একটি ইস্যুতে প্রশ্নের মুখে পড়ে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি রাজনীতির মানুষ নন। একজন শিল্পী হিসেবেই থাকতে চান।
আরও পড়ুন
আইনি জটিলতায় ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়দর্শন
সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দিলজিৎ। এ সময় এক ভক্ত তাকে ‘ককরোচ জনতা পার্টি’র একটি বিক্ষোভ কর্মসূচি নিয়ে মতামত জানতে চান। জবাবে তিনি বলেন, ‘যন্তর মন্তর কি প্রতিবাদের জায়গা? ভাই, আমাকে এসব বিক্ষোভ থেকে দূরে রাখুন। আমি একজন শিল্পী, নেতা নই। সবকিছু তো এক জীবনে ঠিকঠাক হয় না।’
দিলজিতের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে, কারণ কয়েক মাস ধরেই তাকে ঘিরে রাজনীতিতে যোগ দেওয়ার জোর গুঞ্জন চলছিল। বিভিন্ন মহলে দাবি ওঠে, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
তবে সেই জল্পনা শুরু হওয়ার পরই বিষয়টি নাকচ করে দিয়েছিলেন এই তারকা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তার নেই। মানুষের বিনোদন দেওয়াই তার একমাত্র লক্ষ্য।
সেই অবস্থানেই আবারও অনড় থাকলেন দিলজিৎ। সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্বে তিনি পরিষ্কার করে দেন, রাজনৈতিক বিতর্ক বা আন্দোলন নিয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। একজন শিল্পী হিসেবে নিজের কাজেই মনোযোগ দিতে চান।
আরও পড়ুন
ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া
দিলজিৎ দোসাঞ্ঝ বর্তমানে শুধু পাঞ্জাব নয়, গোটা ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী। সংগীতের পাশাপাশি চলচ্চিত্রেও সমান সাফল্য অর্জন করেছেন তিনি। দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত পারফর্ম করে ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরছেন এই গায়ক-অভিনেতা। তাই তাকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন তৈরি হলেও, নিজের বক্তব্যে তিনি ফের জানিয়ে দিলেন-রাজনীতি নয়, শিল্পই তার পথ।
এমএমএফ








