নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ শিরোনামের এ চলচ্চিত্র পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির রোমান্টিক একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যানসি।
‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গত রবিবার (২৮ জুন) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর ইমরান ও ন্যানসির নতুন দ্বৈত গানকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।
গানটি নিয়ে নাজমুন মুনিরা ন্যানসি বলেন, “ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দদায়ক। গানটির কথা ও সুর খুবই মনোমুগ্ধকর। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। দীর্ঘ বিরতির পর এমন একটি মানসম্মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে সত্যিই ভালো লাগছে।”
আশা ব্যক্ত করে ইমরান মাহমুদুল বলেন, “ন্যানসি বাংলা গানের অন্যতম শক্তিশালী কণ্ঠশিল্পী। তার সঙ্গে দ্বৈত গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। আশা করছি, নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে।”
থ্রিলারধর্মী ‘শিকার’ চলচ্চিত্রে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন মুরতজা পলাশ। খুব শিগগিরই সিনেমাটির পুরো টিম শুটিংয়ের উদ্দেশ্যে নেপালে যাবে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির সম্পূর্ণ শুটিং সেখানেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।








