ক্রিকেটের মাঠ থেকে টিভি পর্দায় পা রেখেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলি। জি বাংলার ‘দাদাগিরি’-এর ১০টি সিজনের মধ্যে ৯টি সঞ্চালনা করেন এই তারকা ক্রিকেটার। প্রায় দেড় যুগ পর এ শো থেকে বেরিয়ে গেছেন। তার পরিবর্তে এটি সঞ্চালনা করছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। এ নিয়ে জোর চর্চা চলছে নেটিজেনদের মাঝে।
বুধবার (১ জুলাই) ছিল ‘দাদাগিরি’-এর ১১ তম সিজনের প্রথম এপিসোডের শুটিং। এতে অংশ নেন দেব। ‘বাংলার নতুন দাদা’—সাংবাদিকের মুখে এ কথা শুনেই দেব বলেন, “নতুন দাদা কি না জানি না, তবে নতুনভাবে আসছি।”
সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে কি না? এ প্রশ্নের জবাবে দেব বলেন, “দাদা (সৌরভ গাঙ্গুলি) আমাকে প্রচুর টিপস দিয়েছেন। আমি এই জায়গাটা নিয়েছি, এজন্য দাদা খুব খুশি। আপনারা সবাই জানেন, দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এমন না যে, আমি দাদাকে রিপ্লেস করেছি। সবাই আরো ভালো চায়। দাদার মনে হয়েছে অন্য কিছু, চ্যানেলের মনে হয়েছে অন্য কিছু; আমারও সেরকমই কিছু মনে হয়েছে। যা হয় ভালোর জন্য হয়। আমি খুব খুশি।”
আশাবাদ ব্যক্ত করে দেব বলেন, “আশা করি, দর্শকরা ১০টা সিজন ধরে যেমন দাদাগিরি দেখে এসেছেন, ১১ নম্বর সিজনটা যেন অতটাই ভালো বা তার থেকে ভালো করতে পারি।”
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাও চ্যালেঞ্জের। দেব বলেন, “দাদাগিরি বাংলার সবচেয়ে বড় শো। গত ১৮ বছর ধরে এক নম্বর শো এটি। মানুষের ভালোবাসা পেয়ে আসছে। এটি এমন একটি শো, যা বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রিয়। আমি আর আমার টিম সবসময় চেষ্টা করব যাতে মানুষের সেই ভরসা রাখতে পারি। দর্শককে হতাশ না হতে হয়।”
‘দাদাগিরি’-এর শুধু সঞ্চালক বদলায়নি। বরং বদলেছে এই শোয়ের টাইটেল ট্র্যাকও। শুরু থেকেই অরিজিতের কণ্ঠে যে গান শুনতে পেতেন দর্শকরা, তা বাদ দেওয়া হয়েছে। নতুন সিজন থেকে ঈশান মিত্রের গাওয়া গান শোনা যাবে। আগামী ৫ জুলাই, রাত ৯টায় নতুন সিজনের প্রথম পর্ব প্রচার হবে।








