দেশের রাজনীতি, সংসদীয় চর্চা এবং আইন অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নাহিদ ইসলাম এ কথা বলেন।
রোববার (১২ জুলাই) দুপুরে এক শোকবার্তায় নাহিদ ইসলাম শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
নাহিদ ইসলাম বলেন, ছাত্রজীবন থেকেই ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা গুটিকয়েক আইনজীবীর অন্যতম ছিলেন তিনি।
আরও পড়ুন
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতা সর্বমহলে প্রশংসিত ছিল।
তিনি বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ২০০২ সালে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে সংবিধান ও বিচারব্যবস্থার বিকাশে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশের রাজনীতি, সংসদীয় চর্চা এবং আইন অঙ্গনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন
ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
নাহিদ ইসলাম বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন, আমিন।
রোববার ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
এনএস/ইএ








