রাজাপুরে ঋণের চাপ ও মানসিক অবসাদে ভুগে মো. মাসুম ফরাজী (৪৭) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোশারফ ফরাজীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুম ফরাজী তিন বছর মালয়েশিয়ায় ছিলেন। প্রায় ৬ মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরেন। বিদেশে যাওয়ার সময় নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত ১০-১৫ দিন ধরে তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় বলে পরিবারের সদস্যরা জানান। রোববার বিকালে স্ত্রী কুলসুম বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে স্ত্রী শাশুড়ির ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে দিকে মেয়ে নিপুন আক্তার বাবাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মাসুমের একটি চিরকুট জব্দ করে।

ওসি সুজন বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।