রাজাপুরে সেতু নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিুমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রকল্পের শর্ত লংঘনের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে সেতু নির্মাণকাজের বিস্তারিত জানা যায়নি। বন্ধের দিন হওয়ায় অফিসে না গিয়ে কিছু বলতে পারবে না বলে অফিস কর্তৃপক্ষ জানায়। তবে ঠিকাদারের নাম রফিক হোসেন মৃধা বলে নিশ্চিত করেন।
স্থানীয় যুবদল নেতা সাইফুল ইসলাম, মামুন হাওলাদার, আহম্মেদ মিঠু, লাভলু হাওলাদার, কাঞ্চন হাওলাদার জানায়, নির্মাণকাজে নির্ধারিত মানদণ্ড মানা হচ্ছে না।
ঠিকাদার রফিকুল ইসলাম মৃধা অভিযোগ অস্বীকার করে জানান, মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে এবং কাজের লে-আউটের সময় এসও আবুল বাসার উপস্থিত ছিলেন। ভারি বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আমরাই কাজ করিনি। আগামী রোববার ব্রিজের পাইল বসানোর কাজ শুরু হবে।
কাজের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবুল বাসার জানান, ব্রিজ নির্মাণকাজের মেয়াদ গত ১৫ জুন শেষ হয়েছে। ঠিকাদার মেয়াদ বৃদ্ধির আবেদন না করে এবং দপ্তরকে না জানিয়েই কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেতুটির কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, তা জানতে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।’
উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর অনুমোদন ছাড়াই কিভাবে সরকারি প্রকল্পের কাজ শুরু হলো তা নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন দেখা দিয়েছে।








