রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ওই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন। তাঁর বাবার নাম ভূগোল মণ্ডল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আগের দিন আবদুর রাজ্জাকের পরিবারের দুটি আম্রপালি আমগাছ থেকে স্থানীয় এক ব্যক্তি আম পেড়ে বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইট ও লাঠির আঘাতে আবদুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে অটো ভ্যানচালক জুয়েল রানা (১৬) আহত হয়। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল, তাঁর ছেলে শাহীনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁরা বাড়িঘরে তালা ঝুলিয়ে এলাকা ছেড়ে চলে যান।

খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুর রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।