রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অর্থায়নে শুরু হয়েছে ‘ফল ও আম মেলা-২০২৬’। বুধবার সকালে নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন-এসপি মোহাম্মদ নাইমুল হাসান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন। জেলা প্রশাসক বলেন, আমের রাজধানী হিসাবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই মূলত এ মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, আমচাষি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।