রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, কর প্রদানের বিদ্যমান জটিলতা কমানোর পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে নিয়মনীতি পরিপালন নিশ্চিত করতে উদ্যোক্তাদের পরিবর্তিত রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিসিসিআই এ কর্মশালার আয়োজন করে।
তাসকীন আহমেদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে ভ্যাট, আয়কর, কাস্টমস ডিউটি ও ই-রিটার্ন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তন সম্পর্কে ব্যবসায়ীদের যথাযথ ধারণা থাকা জরুরি। নিয়মনীতি সম্পর্কে সচেতনতা বাড়লে ব্যবসায়িক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি কর প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাও কমানো সম্ভব হবে।
তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় করের অবদান বাড়ানো প্রয়োজন। এ জন্য সরকার যে অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যবস্থা চালু করছে, ব্যবসায়ীদেরও সেসব ব্যবস্থার সঙ্গে বেশি করে যুক্ত হতে হবে।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, উদ্যোক্তারা রাজস্ব পরিশোধের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমে অর্থের জোগান দেন। তাই ব্যবসা পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়মকানুন সম্পর্কে তাঁদের সচেতন থাকা প্রয়োজন।
তিনি জানান, চলতি বছরের বাজেটে ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা এবং বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়নের মতো কয়েকটি ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের এখনো ভ্যাট নিবন্ধন নেই, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রেও পরিবর্তনের কথা তুলে ধরেন নির্ঝর আহমেদ। তিনি বলেন, ভ্যাট আইনের ৬৪ ধারায় প্রতি এক কর মেয়াদের পরিবর্তে তিন কর মেয়াদে ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছুটা সুবিধা তৈরি হবে।
কর্মশালায় আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বিষয়ে দুটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। আয়কর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া। ভ্যাট বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল আলম। তারা অংশগ্রহণকারীদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংশ্লিষ্ট আইন ও ব্যবস্থাপনায় আনা পরিবর্তন সম্পর্কে ধারণা দেন।








