পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ক্রমেই ভাঙনের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)। একের পর এক নেতা দল ছাড়ায় তৃণমূল কংগ্রেস নতুন সংকটে পড়েছে।
সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়েছেন অভিনেত্রী-রাজনীতিক ও টিএমসির রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এ সময় কোয়েল মল্লিকের সঙ্গে ছিলেন তার স্বামী এবং প্রযোজক নিশপাল সিং।
পদত্যাগ করার পর কোয়েল মল্লিক বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র কুমার যাদবের বাড়িতে গিয়ে দেখা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র কুমার যাদবের সঙ্গে দেখা করা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল মল্লিক?
জানা গেছে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জুন মাসেই পদত্যাগ পত্র ই-মেইল করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এর আগে চলতি বছরের ৬ এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ বাক্য পাঠ করেছিলেন কোয়েল।
তবে, গত ৪ মে রাজ্যের পালাবদলের পর থেকেই রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়। এক সময় অভিনেত্রী কোয়েল মল্লিক ও তারা বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক-কে দেখে চোর-চোর স্লোগান দেওয়া হয়। এরপরই গনমাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কোয়েলের পদত্যাগের মধ্য দিয়ে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের ১৩ সদস্যের চারজন পদত্যাগ করলেন। এখন তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ালো ৯ জন।
ডিডি/কেএম








