ভারতে ধর্মীয় মেরুকরণ ও সামাজিক বিভাজন নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন রক্তদান শিবিরের মঞ্চ থেকে সম্প্রীতি ও মানবিকতার বার্তা দিলেন বামপন্থি রাজনীতির অন্যতম প্রবীণ নেতা বিমান বসু। তার ভাষায়, মানুষের শরীরে প্রবাহিত রক্তের কোনো ধর্ম নেই। একজনের রক্ত আরেকজনের জীবন বাঁচায়। এ মানবিক বন্ধনই ভারতবর্ষের প্রকৃত পরিচয়।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব আরও বেড়েছে। রক্তদান শুধু জীবন বাঁচায় না, মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সম্প্রীতির সম্পর্কও শক্তিশালী করে। বিমান বসু বলেন, হাসপাতালে রক্ত দেওয়ার সময় কেউ দেখে না সেটি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীর রক্ত।








