অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থ ও মূল্যবান সামগ্রী তছরুপের অভিযোগকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো এ ঘটনাকে বড় ধরনের নৈতিক সংকট হিসাবে তুলে ধরে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জবাবদিহি দাবি করছে। অন্যদিকে ক্ষমতাসীন দল অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে, আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ গণনা ও সংরক্ষণের সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে কিছু অনিয়মের তথ্য সামনে আসার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান থাকায় প্রকৃত ক্ষতির পরিমাণ ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র এখনো প্রকাশ করা হয়নি। বিরোধী দলগুলোর অভিযোগ, কোটি কোটি ভক্তের বিশ্বাসের প্রতীক হিসাবে পরিচিত রাম মন্দিরে এমন ঘটনা শুধু আর্থিক অনিয়ম নয়, এটি ধর্মীয় আস্থার সঙ্গেও জড়িত। তাদের দাবি, এত বড় একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও তা নজরে না আসা প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ।