রামগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার হয়ে টানা ৯ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সামিয়া আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী হাফিজ মোল্লা। নিহত সামিয়া আক্তার উপজেলার ভাদুর ইউনিয়নের জয়নগর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত হাফিজ মোল্লাকে স্থানীয়রা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে সামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী। সর্বশেষ নির্যাতনে গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, সামিয়ার মৃত্যুর পর হাসপাতাল মর্গে লাশ রেখে পালিয়ে যান স্বামী হাফিজ মোল্লা। থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’







