গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকালে শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এ প্রতিবাদ সভা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও ঘটনাপ্রবাহে আমরা উদ্বিগ্ন। দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য মেনে নেওয়া হবে না। এ সময় সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণ, অভিযুক্তদের আইনের আওতায় আনা, প্রকল্পের অর্থায়ন ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত, গাইবান্ধা ও রংপুর বিভাগে শান্তি ও শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ। দাবি বাস্তবায়ন না হলে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।