গণভোটের রায় বাস্তবায়ন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ চার দাবিতে আজ শনিবার (১১ জুলাই) রংপুরে মহাসমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
জিলা স্কুল মাঠে দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলগুলোর নেতাকর্মীরা।
দুপুর ১২টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মঞ্চ প্রস্তুত হয়েছে। মাইক ও সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। বিভিন্ন দলের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। আয়োজকরা ৫ লাখ লোকের উপস্থিতির আশা করেছেন।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান জানান, বিভাগের ৮ জেলার সব উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশে যোগদানের প্রস্তুতি নিয়েছেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিমসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের। এ ছাড়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, অবহেলিত উত্তরাঞ্চলের ন্যায্য দাবি আদায়ে এ মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছানো হবে।








