রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে ওই জমির মালিক। তিনি সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। নির্মাণকাজ চলাকালীন তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় এক জামায়াত নেতা।
ভুক্তভোগী জানান, গত সোমবার (৬ জুলাই) সকালে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ড সদস্য বাতেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমিনুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, ‘আমি বৈধভাবে এই সম্পত্তির মালিক। সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করছিলাম। দলের প্রভাব খাঁটিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জামায়াত নেতা বাতেন মিয়া। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
স্থানীয় বাসিন্দা সিমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত বাতেন মিয়া বলেন, ‘আমার যা করণীয় আছে তাই করব, সেটা আপনাকে আমি বলব না।’
উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগের বিষয়ে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমার নজরে আসলে দেখব।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল ইতিমধ্যে পুলিশ পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’








