রাঙ্গুনিয়ার রাজানগরে ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে গুরুতর আহত হওয়া মুহাম্মদ সাইফুদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সাইফুদ্দিন উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর মাতব্বর বাড়ির বাসিন্দা ও সিরাজুল ইসলামের ছেলে। তিনি রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। জানা যায়, ২০ দিন আগে রাজানগরের হালিমপুর দরবানির বাড়ি এলাকায় ঝড়ে একটি বড় গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। ক্ষতিগ্রস্ত ঘরটি উদ্ধার করতে স্থানীয়দের সঙ্গে স্বেচ্ছায় গাছ কাটা ও সরানোর কাজে অংশ নেন সাইফুদ্দিন। একপর্যায়ে গাছের একটি ভারী অংশ তার মাথায় এসে পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার সকালে তিনি মারা যান।