রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান বিভিন্ন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।​আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি নাগরিকদের প্রতি এই আহ্বান জানান।​সেমিনারে বৈশ্বিক ও জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, "বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র এক ধরনের হুমকির মুখে রয়েছে। তবে আমরা সবসময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি এবং বর্তমান সরকার জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ।"​বিএনপির ভিশন ও দলীয় নেতৃত্বের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের দেওয়া উন্নয়ন আদর্শকে ধারণ করেই দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে জনগণের সামনে বিএনপি যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালনে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।​চলমান বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় সরকার।