সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
রোববার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংস্থার এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সভায় ১৬ জুলাইয়ের রথযাত্রা ও ২৪ জুলাইয়ের উল্টো রথযাত্রা উদ্যাপন উপলক্ষে ডিএমপির নেওয়া পদক্ষেপ ও নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় জানানো হয়।
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংস্থার সমন্বয় সভা
রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
সভায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, মহানগরীর এই রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। এতে জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
এসময় তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
আরও পড়ুন
বর্তমান সরকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রহরী: রিজভী
ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রার সঙ্গে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্য ও লাইনিং ফোর্স (শৃঙ্খলা বজায় রাখতে সড়কের দুই পাশ ধরে থাকা মানববেষ্টনী) মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
‘রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি,’ যোগ করেন মোসলেহ উদ্দিন।
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও রথযাত্রা উদ্যাপন কমিটির নেতারা মতামত দেন।
কেআর/একিউএফ








