রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম লালকুড়া ঘাটের কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গেছে। ফলে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে সেতুটি এ অবস্থায় পড়ে থাকায় ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সীমান্ত ঘেঁষা পূর্বাঞ্চলের ১২টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের জন্য এই লালকুড়া ঘাটের সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সেতুটির মাঝখানের একটি বড় অংশ ভেঙে ভেসে যায়। ভুক্তভোগী নজরুল ইসলাম ইউপি সদস্য, জসিম উদ্দিন, বাবলু শেখ, আজিম উদ্দিনসহ অনেকে জানান, সেতুটির দু’ধারে সবকিছুই ঠিক আছে, শুধু মাঝখানটা মেরামত করলেই এটি আবার যাতায়াতের উপযোগী হবে। প্রতিদিন হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত এখন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ইউএনও আলাউদ্দিন বলেন, পানির স্রোতের তীব্রতা কিছুটা কমলে দু’এক দিনের মধ্যেই সেতুটি মেরামত করা হবে।








