রায়পুরে জমির বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের বাড়িতে হামলা, লুটপাট, শ্লীলতাহানিসহ দুই লাখ টাকার ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বিএনপি নেতাসহ সাতজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরবংশী এলাকায়। অভিযোগে ক্ষতিগ্রস্ত মুরাদ হোসেন জানান, গত কয়েক দিন ধরে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে আসছিলেন চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান কবিরাজসহ অভিযুক্তরা। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। থানায় অভিযোগ করা হলেও প্রতিকার পাচ্ছেন না। শুক্রবার সকালে বিএনপি নেতা শাহাজাহান কবিরাজের নেতৃত্বে ৮-১০ তার বাড়িতে হামলা করেন। পরে তার বাগানের অন্তত ২০০ কলাগাছ, ৭০-৮০টি সুপারি গাছ, ৫০টি পেঁপে গাছ এবং ২২টি নারিকেল গাছ কেটে সবজি ও ফলগুলো নিয়ে যান। এতে তার প্রায় দুই লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে বাধা দিতে গেলে তাকেসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। এ সময় নারীদের শ্লীলতাহানিসহ স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্ত শাহাজাহান কবিরাজ বলেন, ‘এ ঘটনাগুলোর সঙ্গে আমি জড়িত নই। ওই জমির কাছেও যাইনি। যে ব্যক্তি জমিটি কিনেছেন, তিনিই তার জমি পরিষ্কার করতে সেখানে গিয়েছিলেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ থানার ওসি শাহীন মিয়া বলেন, মুরাদ হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








