কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা শেষে ভুলে ফেলে যাওয়া দুই বছর বয়সি পাকিস্তানি শিশু নাফিসাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। পরে শিশুটিকে নিয়ে পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার দুপুরে মোস্তাফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে ইউএনও সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, প্রথমদিকে ধারণা করা হয়েছিল শিশুটির পরিবার ভারতের কাশ্মির থেকে এসেছে। তবে শিশুটিকে নিতে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা পাকিস্তানের নাগরিক। পরিবারটি পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে এবং শনিবার সকালে দুটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকালে জাইতুন রেস্টুরেন্টে নাস্তা শেষে দুটি গাড়িতে যাত্রা শুরু করে পরিবারটি। এক গাড়িতে ছিলেন শিশুটির বাবা-মা, অন্য গাড়িতে ছিলেন দাদা-দাদুসহ অন্যান্য স্বজন। এ ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্টুরেন্টেই থেকে যায়।







