ফুলগাজীতে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। ঋণের কিস্তির টাকা জোগাড় করতে ঘরে ঢুকে গৃহবধূ কাজল আক্তারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সোমবার র‌্যাব ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। নিহত কাজল আক্তার তার দূরসম্পর্কের মামি। ঋণগ্রস্ত আরিফুল ইসলামকে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। টাকার জন্য গত দুই-তিন মাস সে দিশেহারা হয়ে পড়ে। এ টাকা জোগাড়ের উদ্দেশ্যে ঘটনার দিন ভোরে সে কাজল আক্তারের বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কাজল আক্তার ঘুম থেকে জেগে উঠলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আরিফুল কাজল আক্তারের মাথা দেওয়ালে আঘাত করে। পরে হাত-পা বেঁধে তাকে হত্যা করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামে নিজ ঘরে কাজল আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত কাজল আক্তার তালবাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী।