নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় রোববার থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, কাজ চলাকালে তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এমআইএইচএস








