স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল করেছেন ব্রাজিলের বিশ্বকাপ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এ নিয়ে এবারের আসরের গ্রুপপর্বের তিন ম্যাচে চার গোল করলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম ব্রাজিলিয়ান হিসাবে গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল পেলেন এই সেলেসাও তারকা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই গোল করেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল। এবার ভিনি ব্রুনো গিমারেইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে মরক্কো এবং পরের ম্যাচে হাইতির বিপক্ষেও গোল করেন ব্রাজিলের এই উজ্জ্বল পারফরমার। ব্রাজিলের হয়ে ১৯৭০ বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচে গোল করেছিলেন জার্জিনহো। ১৯৯৪ বিশ্বকাপে একই কীর্তি গড়েছিলেন রোমারিও। আর রোনালদো ও রিভালদো ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে করেছিলেন এই রেকর্ড। ভিনিসিয়ুসের আগে যতবার এই রেকর্ড হয়েছে, প্রতিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।








