২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের জন্য কোচ কার্লো আনচেলত্তিকে দায়ী করলেন রোনালদো। এই কিংবদন্তি স্ট্রাইকার ইতালীয় কোচের ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলোর সমালোচনা করেছেন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো বলেছেন, ‘কোচের ভুল সিদ্ধান্তের বলি হয়েছে সেলেসাওরা।’
এর আগে ব্রাজিল দলের প্রধান কোচ হিসাবে আনচেলত্তির নিয়োগের সমর্থন জানিয়েছিলেন রোনালদো। কিন্তু এবার সাবেক ফরোয়ার্ড ইতালীয় কোচকে একহাত নিতে কুণ্ঠিত হননি। এদিকে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ায় চাপের মুখে রয়েছেন আনচেলত্তি। শুধু ব্রাজিলের ফুটবল লিজেন্ডরাই নন, দেশটির গণমাধ্যমও ইতালীয় কোচের চাঁছাছোলা সমালোচনা করছে। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো ব্রাজিল। ৩৬ বছর পর শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে ইউরোপের দলগুলোর বিপক্ষে নকআউটপর্বে বারবার হোঁচট খাচ্ছে ব্রাজিল। ২০০৬-এ ফ্রান্স, ২০১০-এ নেদারল্যান্ডস, ২০১৪-তে জার্মানি, ২০১৮-তে বেলজিয়াম, ২০২২-এ ক্রোয়েশিয়া এবং এবার নরওয়ে-টানা ছয়টি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।








