ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জিতলেও দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকার স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লামিনে ইয়ামালের স্পেন। সোমবার রাতে ডালাসে শেষ ষোলোর ব্লকবাস্টার লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। যোগ করা সময়ে ফেরান তোরেসের পাস থেকে দারুণ এক গোলে স্পেনকে জয়ের উল্লাসে ভাসান বদলি ফরোয়ার্ড মিকেল মেরিনো। শেষ বাঁশি বাজতেই চোখ ভিজে যায় পর্তুগালের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেলা রোনাল্ডোর। শেষ আটে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

এর আগে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত স্পেন। কিন্তু নয় মিনিটে পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তাকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন মিকেল ওইয়ারসাবাল। ১২ মিনিটে পর্তুগাল অধিনায়ক রোনাল্ডোর বুলেট গতির শট ঠেকিয়ে দেন স্পেনের শেষ প্রহরী উনাই সিমোন। ১৭ মিনিটে চোখ ধাঁধানো ডাবল সেভে পর্তুগালকে রক্ষা করেন কস্তা। রদ্রির পাস থেকে ইয়ামালের গোলার মতো শট প্রথমে ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলে অ্যালেক্স বায়েনার শটও রুখে দেন কস্তা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পর্তুগালও। কিন্তু জোয়াও ফেলিক্সের হেড ও রোনাল্ডোর অ্যাক্রোবেটিক প্রচেষ্টা ঠেকিয়ে দেন সিমোন।

ইয়ামালকে ভালোভাবে সামলানো পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস ৫৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপর স্পেনের আক্রমণের ধার বাড়লেও মিলছিল না গোলের দেখা। ৭৩ মিনিটে ইয়ামালের ফ্রিকিক ঠেকিয়ে পর্তুগালকে আরেকবার বাঁচান কস্তা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ফেরান তোরেসের পাস থেকে কস্তার প্রতিরোধ ভেঙে স্পেনকে এগিয়ে দেন বদলি ফরোয়ার্ড মিকেল মেরিনো। তার একমাত্র গোলই গড়ে দেয় আইবেরিয়ান ডার্বির ভাগ্য।