সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় সাবেক এমপি নাঈমুজামান মুক্তার স্ত্রীসহ সাতজনকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ-সদস্য নাঈমুজামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমীকে কারাগারে পাঠনোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানার আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদ এ আদেশ দেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জুকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার পিরোজপুর জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজন হলেন-মো. মেহেদী হাসান মুন্না, শাহজাদা মহসিন পরাগ এবং আহসান হাবিব রুবেল।








