চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে এক সাবেক ইউপি সদস্যসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ও ভোরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১৭ বোতল এস্কাফ সিরাপ ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২) এবং আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের সাহেদ আলী (৩৮)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে শিবরামপুর গ্রামে আলম হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।পৃথক আরেকটি অভিযানে আজ ভোর সোয়া চারটার দিকে দড়িপাতা কামারপাড়া এলাকার বারোদুয়ারি রেলঘুণ্টির পাশে পাকা রাস্তায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় সাহেদ আলী নামের এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। পরে ওই বস্তার ভেতর থেকে ২১৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, গ্রেপ্তার ২ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২ টি মামলা করা হয়েছে। তাদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।\