কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ-এর জানাজা শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টায় পৌর শহরের পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস।
গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, ‘নবী হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছিল। সোমবার ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় নবী হোসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন।‘
তিনি আরও বলেন, `১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আওয়ামী লীগ কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না। একজন মৃত মানুষের জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়া অপরাধ। বর্তমান সময়ে এটি একটি উসকানিমূলক কর্মকাণ্ড।‘
নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ থানায় একটি মামলা করে। তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজীবুল হাসান/কেজে/জেআইএম








