সভা-সমাবেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান।
আখতার বলেন, ‘সোমবার রাতে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা করা হয়েছে। বিদ্যুৎহীনতার মধ্যে বক্তব্য চলাকালে হঠাৎ উপস্থিত মানুষের মাঝখানে বিস্ফোরণ ঘটানো হয়। এতে মুহূর্তে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণে অনেকে গুরুতর আহত হয়েছেন। সমাবেশ স্থলজুড়ে রক্তের দাগ ছড়িয়ে পড়ে।’
আখতার হোসেনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সাভারের ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করছে। হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’








